আধার কার্ড সংক্রান্ত যেকোনো কাজের জন্য এবার আর হন্যে হয়ে আধার কেন্দ্র খুঁজে বেড়াতে হবে না। দেশবাসীর সুবিধার্থে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (UIDAI)। আধার কেন্দ্রের সঠিক অবস্থান এবং পরিষেবা সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দিতে মার্কিন প্রযুক্তি সংস্থা গুগলের (Google) সঙ্গে হাত মিলিয়েছে তারা। এর ফলে এখন থেকে গুগল ম্যাপেই মিলবে দেশের সমস্ত অনুমোদিত আধার কেন্দ্রের হদিশ।
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী মার্চ মাস থেকেই এই পরিষেবা চালু হতে পারে। দেশের প্রায় ৬০ হাজারেরও বেশি আধার কেন্দ্রকে গুগল ম্যাপের সঙ্গে যুক্ত করা হচ্ছে। ব্যবহারকারীরা যখনই গুগল ম্যাপে ‘আধার কেন্দ্র’ লিখে সার্চ করবেন, তখনই তাঁদের নিকটবর্তী যাচাইকৃত কেন্দ্রগুলির তালিকা সামনে আসবে। শুধু তাই নয়, ওই কেন্দ্রে শিশুদের তালিকাভুক্তি হয় কি না, ঠিকানা বা মোবাইল নম্বর আপডেট করার সুবিধা আছে কি না, এমনকি বিশেষভাবে সক্ষমদের জন্য পরিকাঠামো বা পার্কিং ব্যবস্থা আছে কি না—সবটাই জানা যাবে এক ক্লিকে।
ইউআইডিএআই-এর সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, এই সহযোগিতার ফলে আধার কেন্দ্র খুঁজে পাওয়ার প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হবে। পরবর্তী ধাপে গুগল বিজনেস প্রোফাইলের মাধ্যমে সরাসরি ফিডব্যাক দেওয়ার এবং গুগল ম্যাপ ইন্টারফেস ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার সুবিধাও যুক্ত করা হবে। গুগল ইন্ডিয়ার পক্ষ থেকে রোলি আগরওয়াল জানিয়েছেন, এই উদ্যোগটি সরকারি পরিকাঠামো এবং সাধারণ মানুষের মধ্যে দূরত্ব ঘোচাতে বড় ভূমিকা নেবে। এখন থেকে আধার সেন্টারের কাজের সময় বা ভিড়ের তথ্যও আগেভাগেই দেখে নিতে পারবেন নাগরিকরা।