গুগল পে-ফোন পে-কে চ্যালেঞ্জ জানাতে আসছে ‘অ্যাপল পে’! ভারতের বড় তিন ব্যাঙ্কের সঙ্গে চূড়ান্ত আলোচনা

ভারতীয় ডিজিটাল পেমেন্ট বাজারে এবার প্রবেশ করতে চলেছে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট অ্যাপল (Apple)। দীর্ঘ প্রতীক্ষার পর এবার ভারতে তাদের নিজস্ব পেমেন্ট সার্ভিস ‘অ্যাপল পে’ (Apple Pay) চালু করার তোড়জোড় শুরু হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের মাঝামাঝি সময়েই আইফোন ব্যবহারকারীরা এই সুবিধে পেতে পারেন।

ব্লুমবার্গ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল ইতিমধ্যে ভারতের তিনটি প্রধান বেসরকারি ব্যাঙ্ক— ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক এবং Axis ব্যাঙ্ক-এর সঙ্গে আলোচনা শুরু করেছে। এছাড়া ভিসা (Visa) এবং মাস্টারকার্ড (Mastercard)-এর মতো গ্লোবাল কার্ড নেটওয়ার্কগুলির সঙ্গেও কথাবার্তা চলছে। এই পরিষেবার মাধ্যমে আইফোন বা অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা সরাসরি এনএফসি (NFC) প্রযুক্তি ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।

সূত্রের খবর, অ্যাপল পে ভারতে শুধুমাত্র কার্ড-ভিত্তিক পেমেন্ট নয়, বরং ভারতের জনপ্রিয় UPI (Unified Payments Interface) ব্যবস্থার সঙ্গেও যুক্ত হতে পারে। যদি তাই হয়, তবে গুগল পে (Google Pay), ফোন পে (PhonePe) এবং পেটিএম (Paytm)-এর মতো প্রতিষ্ঠিত অ্যাপগুলির সঙ্গে অ্যাপলের সরাসরি টক্কর শুরু হবে। যদিও অ্যাপল বা সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির তরফ থেকে এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি, তবে ভারতের ক্রমবর্ধমান মধ্যবিত্ত সমাজ এবং আইফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ অত্যন্ত কৌশলগত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy