গাড়িতে তালা, অফিস হবে বাড়িতেই! জ্বালানি বাঁচাতে পাকিস্তানে এবার কি ‘লকডাউন’?

আর্থিক সংকটের পর এবার চরম জ্বালানি সংকটের কবলে পাকিস্তান। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার জেরে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দেশজুড়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজ করার নিয়ম চালুর কথা ভাবছে শাহবাজ শরিফ সরকার। মূলত জ্বালানি খরচ কমাতে এবং পেট্রোল-ডিজেলের মজুত ধরে রাখতেই এই কঠোর পদক্ষেপের পরিকল্পনা করা হচ্ছে।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের ক্যাবিনেট কমিটি ইতিমধ্যেই সরকারি ও বেসরকারি অফিসে কর্মীদের হাজিরা কমানোর প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, যে সমস্ত কাজ অনলাইনে করা সম্ভব, তার জন্য কর্মীদের অফিসে আসার প্রয়োজন নেই। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ফের অনলাইন ক্লাস চালু করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পাকিস্তানে তেলের দাম আকাশছোঁয়া। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়ায় পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের দাম ৩৫০ টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

হরমোজ প্রণালীতে উত্তেজনার কারণে সমুদ্রপথে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে পাকিস্তানের আমদানিতে। এই পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান সরকার তেলের সাপ্তাহিক দাম পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেও, জ্বালানি সাশ্রয়ে এখন থেকেই কৃচ্ছ্রসাধনের পথে হাঁটছে ইসলামাবাদ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy