তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় রাজ্যের মহিলাদের জন্য এক বিশেষ সুখবর শুনিয়েছেন। পূর্ববর্তী ডিএমকে সরকারের চালু করা জনপ্রিয় ‘কলাইগনার মাগালির উরিমাই থোগাই’ প্রকল্পের মে মাসের কিস্তির টাকা শীঘ্রই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
প্রয়াত কিংবদন্তি নেতা এম. করুণানিধির স্মৃতিতে শুরু হওয়া এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা করে আর্থিক সহায়তা পান। মুখ্যমন্ত্রী বিজয় এক সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, প্রকল্পের পুনর্গঠনের জন্য সরকারের কিছুটা সময়ের প্রয়োজন হলেও, মে মাসের কিস্তি নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সরাসরি ডিবিটি (DBT) মোডের মাধ্যমে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা পড়বে।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজয়ের দল ‘তামিলগা ভেত্রি কষগম’ (TVK) প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা ক্ষমতায় এলে ৬০ বছরের কম বয়সী মহিলাদের মাসিক ২,৫০০ টাকা করে অনুদান দেবে। বর্তমান প্রকল্পটি চালু রেখে সেই বড় প্রতিশ্রুতির দিকে সরকার কীভাবে এগোয়, এখন সেটাই দেখার।





