ভোটের উত্তাপের মাঝেই হাওড়ার উলুবেড়িয়ায় ঘটে গেল এক হাড়হিম করা হত্যাকাণ্ড। পারিবারিক অশান্তি ও সন্দেহের বশে নিজের স্ত্রী এবং শিশুপুত্রকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রদীপ মুখোপাধ্যায় নামক এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, এলোপাথাড়ি কোপানোর পর অভিযুক্ত নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি উলুবেড়িয়া হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।
অন্যদিকে, কলকাতার আর জি কর হাসপাতালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ট্রমা বিল্ডিংয়ের লিফটে আটকে মৃত্যু হল চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির। জানা গিয়েছে, অসুস্থ ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলেন তিনি। ৫ তলায় ওঠার সময় আচমকা যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি বেসমেন্টে আছড়ে পড়ে। পরিবারের অভিযোগ, দীর্ঘক্ষণ লিফটের ভেতরে আটকে থেকে চিৎকার করলেও কোনো সাহায্য মেলেনি। লিফটম্যান না থাকায় ভেতরেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান ওই ব্যক্তি। ঘটনার পর হাসপাতাল চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখান রোগীর পরিজনরা। পরিস্থিতি সামাল দিতে টালা থানার পুলিশ ও ডিসি নর্থ ঘটনাস্থলে পৌঁছান। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা গাফিলতির অভিযোগ খতিয়ে দেখছেন।