খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্র নিয়ে বিজেপির অন্দরে চলা দীর্ঘ টানাপোড়েনের যবনিকা পতন হলো। চব্বিশের লোকসভা নির্বাচনে হারের পর থেকেই দিলীপ ঘোষ খড়্গপুরে নিজের যাতায়াত বাড়িয়েছিলেন। এবার বিজেপির প্রার্থিতালিকায় দেখা গেল, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে সরিয়ে খড়্গপুর সদরের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দিলীপ ঘোষের হাতেই। রাজনৈতিক মহলে একে দিলীপ ঘোষের ‘ঘরের মাঠে রাজকীয় প্রত্যাবর্তন’ হিসেবেই দেখা হচ্ছে।
২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন হিরণ। কিন্তু দলের একটি বড় অংশ এবং খড়্গপুরের বিজেপি কর্মীদের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল বলে জল্পনা ছিল। অন্যদিকে, দিলীপ ঘোষের সঙ্গে হিরণের শীতল সম্পর্ক প্রায়শই প্রকাশ্যে এসেছে। হিরণ এবারও টিকিট পাওয়ার বিষয়ে অত্যন্ত আশাবাদী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্ব দিলীপ ঘোষের দীর্ঘ অভিজ্ঞতা এবং খড়্গপুরের মাটিতে তাঁর গভীর সংগঠনের ওপরই ভরসা রাখল।
খড়্গপুর সদর একসময় দিলীপ ঘোষের খাসতালুক ছিল। এখান থেকেই তিনি প্রথমবার বিধায়ক হয়ে বিধানসভায় গিয়েছিলেন। লোকসভা ভোটে হারের পর দিলীপের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। কিন্তু হিরণকে সরিয়ে টিকিট ছিনিয়ে নিয়ে দিলীপ বুঝিয়ে দিলেন, বিজেপির অন্দরে তাঁর গুরুত্ব এখনও ম্লান হয়নি। এখন দেখার, হিরণ এই সিদ্ধান্ত মেনে নিয়ে দিলীপের হয়ে প্রচারে নামেন নাকি খড়্গপুরের পদ্মশিবিরে নতুন কোনো বিদ্রোহের সুর শোনা যায়।