রাজ্যে বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শেষ পর্যায়ে। ঠিক এই হাইভোল্টেজ আবহেই আজ, শুক্রবার কলকাতায় বিজেপির নির্বাচনী ইস্তাহার ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘ভয় বনাম ভরসা’— এই থিমকে হাতিয়ার করেই শাসকদল তৃণমূলের বিকল্প হিসেবে সুশাসন ও নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে ময়দানে নামছে গেরুয়া শিবির।
দলীয় সূত্রে খবর, এবারের ইস্তাহারে থাকছে একগুচ্ছ চমক। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা হিসেবে মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা অনুদান, বেকারদের কর্মসংস্থান এবং রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে সপ্তম পে-কমিশন চালুর বড়সড় প্রতিশ্রুতি দিতে পারে বিজেপি। পাশাপাশি, রাজ্যে নতুন বিনিয়োগ টেনে এনে শিল্পের জোয়ার আনার রূপরেখাও তুলে ধরা হবে এই সঙ্কল্প পত্রে।
ইস্তাহার প্রকাশের পর আজই মেদিনীপুরে জোড়া জনসভা করবেন অমিত শাহ। সকালে তিনি সাফ জানান, “বাংলা পরিবর্তন চাইছে।” ইস্তাহার প্রকাশের পর ডেবরা ও পশ্চিম মেদিনীপুরে সভা সেরে খড়গপুরে একটি মেগা রোড শো করবেন তিনি। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ এবং ফল ঘোষণা হবে ৪ মে। এখন দেখার, শাহের এই ‘ভরসা’র কার্ড বঙ্গে কতটা ম্যাজিক দেখায়।





