কোথাও তুষারপাত তো কোথাও দাউদাউ আগুন! চরম বিপর্যয়ে সিকিম, বিপন্ন কয়েক হাজার পর্যটক

প্রকৃতির খামখেয়ালিপনায় কার্যত তছনছ পর্যটন স্বর্গ সিকিম। একদিকে উত্তর ও পূর্ব সিকিমে ভয়ংকর তুষারপাত, অন্যদিকে পশ্চিম সিকিমে বিধ্বংসী দাবানল আর তীব্র জলকষ্ট। মঙ্গলবার নাথু লা এবং ছাঙ্গু লেক থেকে ফেরার পথে তুষারধসের কবলে পড়েন প্রায় ২,৭৩৬ জন পর্যটক। বরফের কারণে চাকা পিছলে ১৫ মাইল এলাকায় আটকে পড়ে ৫৪১টি পর্যটক বোঝাই গাড়ি।

পরিস্থিতি জটিল হওয়ায় উদ্ধারকাজে নামে ভারতীয় সেনা। শুরু হয় ‘অপারেশন হিমরাহত’। রাতভর পর্যটকদের উদ্ধার করে সেনা ছাউনিতে নিরাপদ আশ্রয় ও খাবার দেওয়া হয়। বুধবার সকালের মধ্যে সিকিম পুলিশ ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় সমস্ত পর্যটককে নিরাপদে গ্যাংটকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তবে আবহাওয়া দপ্তরের তথ্য আরও উদ্বেগ বাড়াচ্ছে; রাজ্যে বৃষ্টির ঘাটতি প্রায় ৯১ শতাংশ! ফলে একদিকে যখন বরফ পড়ছে, অন্যদিকে তখন বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে ঝরনা ও জলের উৎসগুলো। যারা এখন সিকিম ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy