ভোপাল ও গ্রেটার নয়ডায় দুই নববধূর মর্মান্তিক ও সন্দেহজনক মৃত্যুর ঘটনায় তোলপাড় দেশ। এই পরিস্থিতিতে মুখ খুললেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। সামাজিক মাধ্যমে এক জোরালো বার্তায় তিনি বিবাহিত নারীদের প্রতি অসহায়ত্ব ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়ানোর ডাক দিয়েছেন।
কঙ্গনা লেখেন, “ভারতীয় সমাজে বিয়ের পর মেয়েরা প্রায়শই অভিভাবকের সমর্থন থেকে বঞ্চিত হন। অনেক শিক্ষিত নারীই অসহ্য পরিস্থিতির কথা পরিবারকে জানান, কিন্তু সমাজ তাদের মুখ ফিরিয়ে নেয়।” কঙ্গনার মতে, গ্ল্যামার বা ফ্যাশনের চেয়ে একজন নারীর কাছে নিজের ‘কেরিয়ার’ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি তরুণীদের পরামর্শ দিয়ে বলেন, “বিয়ের কথা ভাবার আগে আর্থিকভাবে স্বাবলম্বী হন। নিজের নায়ক নিজেকেই হতে হবে, কারণ কেউ আপনাকে বাঁচাতে আসবে না।”
উল্লেখ্য, ভোপালের ঘটনায় ৩১ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং নয়ডায় ২৪ বছর বয়সী এক গৃহবধূ যৌতুকের বলি হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কঙ্গনার এই সাহসী মন্তব্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি স্পষ্ট করেছেন যে, কে আপনাকে বিয়ে করছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কে এবং কী করেন। কারো কথা না শুনে নিজের জীবন নিজে গড়ুন—এটাই ছিল কঙ্গনার মূল বার্তা।





