রবিবার মধ্যরাতে হাওড়ার ডোমজুড় থানার পাকুড়িয়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জাতীয় সড়কের ধারে অবস্থিত একটি টায়ারের গোডাউন থেকে আচমকাই আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের দাবি, প্রথমে ধোঁয়া দেখা গেলেও কয়েক মিনিটের মধ্যেই আগুনের শিখা আকাশচুম্বী আকার ধারণ করে। টায়ারের স্তূপ থাকায় আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে, গোডাউনের পাশে থাকা একটি ভারী ক্রেন গাড়িও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় শ্বাসরোধকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি জানান, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রশাসন ও দমকল বিষয়টি তদন্ত করে দেখছে। প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক গোলযোগ থেকেই এই বিপত্তি ঘটেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে দমকল সূত্রে জানানো হয়েছে।