কালিয়াচক কাণ্ডের তদন্তে এবার নজিরবিহীন তৎপরতা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর শুক্রবার ভোররাতেই কলকাতায় পা রাখল ১৫ সদস্যের এক বিশাল এনআইএ (NIA) টিম। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পর এই প্রথম এত বড় এবং শক্তিশালী দল গঠন করেছে কেন্দ্রীয় সংস্থাটি। দিল্লি ও মুম্বইয়ের বাছাই করা দুঁদে অফিসারদের নিয়ে গঠিত এই টিমের নেতৃত্বে রয়েছেন একজন এসপি পদমর্যাদার অফিসার। সঙ্গে রয়েছেন একাধিক ডিএসপি ও ইনস্পেক্টর।
তদন্তের ব্লু-প্রিন্ট:
কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় আজই মালদহে পৌঁছচ্ছে এই টিম। ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই তাঁরা কথা বলবেন সেদিন আটকে পড়া ৭ জন বিচারবিভাগীয় অফিসারের সঙ্গে। খতিয়ে দেখা হবে ক্ষতিগ্রস্ত বিডিও অফিস। রাজনৈতিক মহলের মতে, এই তদন্তের গভীরতা খাগড়াগড় কাণ্ডকেও ছাপিয়ে যেতে পারে। আগামী ৬ এপ্রিলের মধ্যেই বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে এই বিশেষ দলকে।
জালে মিম নেতা:
এদিকে এনআইএ পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই নাটকীয় মোড়! বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে মিম (MIM) নেতা মোফাক্কেরুল ইসলামকে। ভাইরাল ভিডিওতে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে তাঁর খোঁজে ছিল পুলিশ। সিআইডি এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে পালানোর পথেই ধরা পড়েন তিনি। এনআইএ-র এই ঝোড়ো ব্যাটিংয়ে কালিয়াচক কাণ্ডের নেপথ্যে থাকা রাঘববোয়ালদের পর্দাফাঁস হয় কি না, এখন সেটাই দেখার।





