অসমে বিধানসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই ময়দানে নামছে কংগ্রেস। দলের অন্দরের কোন্দল মেটাতে এবং কর্মীদের মধ্যে নতুন জোশ জোগাতে আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি দু’দিনের অসম সফরে আসছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা অসম স্ক্রিনিং কমিটির সভাপতি প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। তাঁর এই সফরকে ঘিরেই এখন উত্তর-পূর্বের রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছে।
সফরের শুরু ও কর্মসূচি: সফরের শুরুতেই প্রিয়াঙ্কা নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক শক্তিপীঠ মা কামাখ্যা দেবীর দর্শন ও পুজো দেবেন। আধ্যাত্মিক আশীর্বাদ নিয়েই তিনি সরাসরি চলে যাবেন অসম কংগ্রেসের সদর দফতর ‘রাজীব ভবন’-এ। সেখানে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতা, পদাধিকারী এবং জেলা সভাপতিদের সঙ্গে ম্যারাথন বৈঠক করবেন তিনি। মূলত আসন্ন নির্বাচনে প্রার্থী বাছাই এবং প্রচারের ব্লু-প্রিন্ট তৈরি করাই তাঁর এই সফরের প্রধান লক্ষ্য।
ভূপেন বোরা রহস্য ও কংগ্রেসের উদ্বেগ: প্রিয়াঙ্কার এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন অসম কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বোরাকে নিয়ে তীব্র টানাপোড়েন চলছে। দীর্ঘ ৩২ বছর কংগ্রেসে থাকার পর সম্প্রতি তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। যদিও দল তা গ্রহণ করেনি, কিন্তু গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তাঁর সাক্ষাৎ জল্পনা বাড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, আগামী ২২ ফেব্রুয়ারি তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কা গান্ধীর প্রধান চ্যালেঞ্জ হলো দলের ভাঙন রোধ করা এবং বিক্ষুব্ধ নেতাদের মানিয়ে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দেওয়া।