কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যু! রণক্ষেত্র ব্যারাকপুর, ফাঁসির দাবিতে বিটি রোড অবরোধ বিজেপির

ব্যারাকপুরে ৮১ বছরের এক বৃদ্ধকে লাথি মেরে খুনের অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কঠোরতম শাস্তির দাবিতে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল ব্যারাকপুরের বিটি রোড। এদিন দুপুরে চিড়িয়ামোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

রবিবার তুলসী অধিকারী নামে এক বৃদ্ধের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। অভিযোগ, কাউন্সিলর রবীন ভট্টাচার্যের লাথি খাওয়ার পরেই হার্ট ফেল করে মৃত্যু হয় ওই বৃদ্ধের। ঘটনার গুরুত্ব বুঝে রবিবার রাতেই অভিযুক্ত কাউন্সিলরকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। বিধায়ক পার্থ ভৌমিক এই ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে বর্ণনা করেন। পুলিশ রাতেই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করে।

সোমবার অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে তোলার প্রক্রিয়া শুরু হতেই উত্তেজনা চরমে পৌঁছায়। প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও শীলভদ্র দত্তর নেতৃত্বে বিজেপি কর্মীরা গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেন। তাঁদের দাবি একটাই— অভিযুক্তের ফাঁসি চাই। অবরোধের জেরে দীর্ঘক্ষণ বিটি রোডে যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

আদালত চত্বরেও এদিন ছিল কড়া নিরাপত্তা। শারীরিক পরীক্ষার পর অভিযুক্ত কাউন্সিলরকে যখন আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও বিজেপি সমর্থকরা। একটি মিছিল আদালতের গেট ভেঙে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। প্রবল উত্তেজনার মধ্যে কাউন্সিলরকে নিরাপদে এজলাসে পেশ করাই এখন পুলিশের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy