বাংলাদেশে পরিবর্তনের হাওয়া! বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভোট গণনায় দেখা যাচ্ছে, জামায়াতে ইসলামীকে অনেকটা পিছনে ফেলে নিরঙ্কুশ জয়ের পথে বিএনপি জোট। আনুষ্ঠানিক ঘোষণা কেবল সময়ের অপেক্ষা হলেও, শুক্রবার সকালেই বিএনপি নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বড় বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী মোদী এদিন এক্স হ্যান্ডেলে ইংরেজি ও বাংলায় পোস্ট করে লেখেন, “বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।” মোদী আরও স্পষ্ট করেছেন যে, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তারেক রহমানের সঙ্গে একযোগে কাজ করতে ভারত সরকার উন্মুখ।
শুধু ভারত নয়, বিএনপির এই ‘ঐতিহাসিক জয়ে’র জন্য অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও। ঢাকার মার্কিন দূতাবাস সোশ্যাল মিডিয়ায় বার্তায় জানিয়েছে, একটি সফল নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণ ধন্যবাদের পাত্র। ওয়াশিংটন স্পষ্ট করেছে যে, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য পূরণে তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অত্যন্ত আগ্রহী। আন্তর্জাতিক মহলের এই জোরালো সমর্থন বাংলাদেশে বিএনপির নতুন পথচলায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।