বাংলার বন্যপ্রাণী সংরক্ষণে এক ঐতিহাসিক অধ্যায় শুরু হলো। ওড়িশার নন্দনকাননের পর ভারতের দ্বিতীয় প্যাঙ্গোলিন প্রজনন ও সংরক্ষণ কেন্দ্র তৈরি হতে চলেছে ঝাড়গ্রামে। রবিবার ঝাড়গ্রাম জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। বিলুপ্তপ্রায় ভারতীয় ও চিনা প্যাঙ্গোলিনদের চোরাশিকারিদের হাত থেকে বাঁচাতে এবং তাদের বংশবৃদ্ধিতে এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পাশাপাশি, হাতি-মানুষ সংঘাত রুখতে ঝাড়গ্রামের বদরভোলা বিট অফিসে অত্যাধুনিক ‘হাতি পর্যবেক্ষণ কেন্দ্র’-এর উদ্বোধন করা হয়েছে। এখানে ঝাড়গ্রাম, মানিকপাড়া ও লোধাশুলি রেঞ্জে ১৬টি এআই (AI) ক্যামেরা লাগানো হয়েছে, যা রিয়েল-টাইম হাতির গতিবিধি ট্র্যাক করবে। আগামীতে এখানে থার্মাল ড্রোন এবং আরও ৫০-৬০টি ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, চিড়িয়াখানায় শীঘ্রই আসছে বাঘ, সিংহ ও কুমির। ম্যাকাও, এমু ও উটপাখির জন্য তৈরি হচ্ছে বিশেষ ঘের। প্রায় ২.৫ কোটি টাকা ব্যয়ে ঢেলে সাজানো হচ্ছে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কের পরিকাঠামো।