২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার অনেক আগেই বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে নয়া সমীকরণ। এবার সরাসরি ভোটের ময়দানে নামার ইচ্ছাপ্রকাশ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। সূত্রের খবর, প্রার্থী হওয়ার আবেদন জানিয়ে ইতিমধ্যেই দলের রাজ্য দপ্তরে নিজের বায়োডেটা বা জীবনপঞ্জি জমা দিয়েছেন তিনি।
রিঙ্কু মজুমদার মূলত তিনটি কেন্দ্র থেকে লড়তে আগ্রহী। তাঁর পছন্দের তালিকায় রয়েছে— মেদিনীপুর শহর, বীজপুর এবং রাজারহাট-নিউটাউন। তিনি জানিয়েছেন, তৃণমূল স্তরের এক সক্রিয় কর্মী হিসেবে দলের বিভিন্ন কর্মসূচিতে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত। তাই এবার সরাসরি জনসেবায় নামতে চান।
স্ত্রীর এই পদক্ষেপে কোনো রাখঢাক না করেই পাশে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, “রিঙ্কু আমার চেয়েও পুরনো পার্টি কর্মী। আমি ওনার পরে পার্টিতে এসেছি। আমি তো এমএলএ-এমপি হয়ে গেলাম, ওনারও তো হওয়ার ইচ্ছা হতে পারে। এতে দোষের কিছু নেই।” তিনি আরও যোগ করেন, “রিঙ্কু রাজনৈতিক কর্মী বলেই তো তাঁকে বিয়ে করেছি। ও প্রার্থী হতে চেয়েছে, এটা ওঁর গণতান্ত্রিক অধিকার। তবে শেষ পর্যন্ত দল ঠিক করবে কাকে টিকিট দেওয়া হবে।”
গত বছর এপ্রিলে ৬১ বছর বয়সে দলীয় সহকর্মী রিঙ্কু মজুমদারকে বিয়ে করে চমক দিয়েছিলেন দিলীপ ঘোষ। এবার স্ত্রীর এই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বঙ্গ বিজেপির অন্দরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলের মতে, দিলীপ-জায়ার এই সক্রিয়তা অনেক নতুন সমীকরণ তৈরি করতে পারে।