বিশ্ববাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘের ছায়ায় রেকর্ড পতনের মুখে ভারতীয় মুদ্রা। সোমবার ডলারের তুলনায় টাকার বিনিময় মূল্য সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছে ৯২.৩০ টাকা হয়েছে। গত বুধবার যেখানে এই হার ছিল ৯২.১৮ টাকা, সোমবার সেই রেকর্ডও ভেঙে চুরমার হয়ে গেল।
বাজার বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে আকাশছোঁয়া। ভারত তার প্রয়োজনীয় তেলের ৮০ শতাংশই আমদানি করে, ফলে তেলের দাম বাড়ায় ডলারের চাহিদা বেড়ে গেছে এবং পাল্লা দিয়ে কমছে টাকার দাম। এর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়ায় ফরেক্স মার্কেটে টাকার ওপর চাপ আরও বেড়েছে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে আগামী দিনে আমদানিকৃত পণ্যের দাম বাড়তে পারে, যা সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়িয়ে তুলছে।