২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণভেড়ি বেজে উঠতেই আক্রমণাত্মক মেজাজে ময়দানে নামল শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন দুই দফায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই বড়সড় রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর স্পষ্ট দাবি, ২০২৬-এ কেবল জয় নয়, তৃণমূল কংগ্রেস ২৫০-এর বেশি আসনে জিতে ফের ক্ষমতায় ফিরবে। এমনকি গতবার অধরা থাকা নন্দীগ্রাম আসলেও এবার তৃণমূলেরই জয় হবে বলে তিনি জোর গলায় জানিয়েছেন।
কুণাল ঘোষ আজ সংবাদমাধ্যমের সামনে বলেন, “মানুষের রায় আমাদের সঙ্গেই আছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবসাথী ক্যাম্প—সরকারি প্রকল্পের যে ব্যাপক সাড়া আমরা পেয়েছি, তাতে স্পষ্ট যে বিরোধীদের কোনো জায়গা নেই। আমরা আত্মবিশ্বাসী যে ২০২৬-এ ২৫০-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।” নন্দীগ্রাম নিয়ে প্রশ্নের জবাবে তিনি সরাসরি শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন, “গতবার কী হয়েছিল সবাই জানে, কিন্তু এবার নন্দীগ্রামের মানুষ ঘরের মেয়েকেই বেছে নেবেন। ওখান থেকে ঘাসফুলই জিতবে।”
কমিশনের দুই দফায় ভোট করানোর সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে তৃণমূল শিবির। কুণাল ঘোষের মতে, বাংলার মানুষ অশান্তি চান না, উন্নয়নের ধারা বজায় রাখতে চান। উল্লেখ্য, ২০২৬-এর নির্বাচনে একদিকে যেমন তৃণমূলের উন্নয়ন কার্ড, অন্যদিকে বিজেপির এনআরসি ও দুর্নীতি বিরোধী ইস্যু। এই আবহে কুণালের ‘২৫০ প্লাস’ আসনের দাবি তৃণমূল কর্মীদের মধ্যে যে নতুন করে অক্সিজেন জোগাবে, তা বলাই বাহুল্য। এখন ৪ মে-র ফলাফলেই নির্ধারণ হবে এই আত্মবিশ্বাস কতটা বাস্তবসম্মত।