শহুরে পরিবহণে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। এবার আর রাস্তার যানজটে আটকে থাকতে হবে না, বরং স্মার্টফোনে এক ট্যাপেই আকাশপথে উড়ে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। মার্কিন প্রযুক্তি সংস্থা উবার (Uber) ঘোষণা করেছে তাদের নতুন পরিষেবা ‘উবার এয়ার’। মার্কিন সংস্থা ‘জবি অ্যাভিয়েশন’-এর সঙ্গে যৌথ উদ্যোগে চলতি বছরের শেষের দিকে দুবাইয়ে বাণিজ্যিকভাবে শুরু হতে চলেছে এই ইলেকট্রিক এয়ার ট্যাক্সি পরিষেবা।
এই প্রকল্পের মূল আকর্ষণ হলো অত্যাধুনিক ইভিটোল (eVTOL) বিমান, যা সম্পূর্ণ বিদ্যুৎচালিত এবং হেলিকপ্টারের মতো উল্লম্বভাবে ওঠানামা করতে সক্ষম। উবার অ্যাপের ‘Where to?’ বারে গন্তব্য লিখলেই মিলবে ‘Uber Air powered by Joby’ অপশন। এই পরিষেবায় শুধুমাত্র আকাশপথ নয়, যাত্রীদের সুবিধার্থে ল্যান্ডিং স্পট থেকে নির্দিষ্ট ঠিকানা পর্যন্ত পৌঁছে দিতে থাকবে ‘উবার ব্ল্যাক’ কার-এর ইন্টিগ্রেটেড সুবিধা। অর্থাৎ, আকাশ ও সড়কপথের এক নিরবচ্ছিন্ন সংযোগ মিলবে একই অ্যাপে।
জবি-র তৈরি এই এয়ার ট্যাক্সিগুলিতে চালক ছাড়াও চারজন যাত্রী বসতে পারবেন। বড় প্যানোরামিক জানালা এবং শব্দহীন ইঞ্জিনের কারণে এই যাত্রা হবে আরামদায়ক ও পরিবেশবান্ধব। ২০২৬ সালের মধ্যে দুবাইকে পূর্ণাঙ্গভাবে এই পরিষেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। দুবাইয়ের পর নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, লন্ডন এবং টোকিও-র মতো মেগাসিটিগুলোতেও এই উড়ন্ত ট্যাক্সি চালুর লক্ষ্য নিয়েছে উবার।