নির্বাচনের প্রাক্কালে রণংদেহি মেজাজে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পিংলার কাঁচডিহা মাঠের মেগা জনসভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানানোর পাশাপাশি কর্মীদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করলেন তিনি। তাঁর প্রধান আশঙ্কা, ভোটের দিন পুলিশকে ব্যবহার করে তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করাতে পারে বিজেপি। এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি বুথে ‘প্যারালাল মেশিনারি’ বা বিকল্প বাহিনী তৈরি রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
নেত্রী স্পষ্ট ভাষায় বলেন, “যদি একজনকে অ্যারেস্ট করে, তবে তাঁর জায়গায় অন্যজন বসবেন। লড়াই ছাড়বেন না।” ২০১১ সালের সেই বিখ্যাত ‘বদলা নয় বদল চাই’ স্লোগান থেকে সরে এসে এবার তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালট বাক্সে সরাসরি ‘বদলা’ নেওয়ার ডাক দিয়েছেন। এছাড়াও উত্তরপ্রদেশের ‘বুলডোজার নীতি’ বাংলায় চলবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
এদিনের সভার অন্যতম বড় চমক ছিল ‘দুয়ারে স্বাস্থ্য’ প্রকল্পের ঘোষণা। মমতা জানান, ব্লক ও শহর স্তরে ডাক্তার ও নার্সরা সরাসরি মানুষের দুয়ারে পৌঁছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবেন। একইসঙ্গে ভোটার তালিকা সংশোধন (SIR) এবং ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রের চক্রান্তের বিরুদ্ধেও সরব হন তিনি। তাঁর অভিযোগ, ৫০০ টাকা দিয়ে লোক ভাড়া করে এবং কালো টাকা ছড়িয়ে বাংলায় প্রভাব খাটানোর চেষ্টা করছে বিজেপি, যা বাংলার মানুষ মেনে নেবে না।





