ভোটের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, ততই আক্রমণাত্মক মেজাজে ধরা দিচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার বাংলার রাজনৈতিক মানচিত্রে উত্তর ও দক্ষিণ— দুই প্রান্তেই মেগা প্রচারের পরিকল্পনা নিয়েছে ঘাসফুল শিবির। একদিকে যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় জনসভা করছেন, ঠিক অন্যদিকে উত্তরবঙ্গের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঝোড়ো সফর চালাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন সকালে কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী শৈলেন্দ্রনাথ বর্মার সমর্থনে প্রথম নির্বাচনী সভা করেন অভিষেক। সেখান থেকেই তিনি পৌঁছে যান জলপাইগুড়িতে। বর্তমানে জলপাইগুড়ির নারায়ণপুরের এসজেডিএ মাঠে প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনে প্রচার চালাচ্ছেন তিনি। অভিষেকের এই সফর ঘিরে কর্মীদের মধ্যে প্রবল উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। এর পর আলিপুরদুয়ার জেলার রবীন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে কুমারগ্রামের প্রার্থী রাজীব তির্কীর সমর্থনে জনসভা করার কথা রয়েছে তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’-এর।
বিজেপির গড় হিসেবে পরিচিত উত্তরবঙ্গের জেলাগুলিতে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া তৃণমূল। বেরুবাড়ি থেকে অভিষেকের এই কড়া রাজনৈতিক বার্তা সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। বিরোধী শিবিরকে বিঁধতে অভিষেক আজ কী বাণ ছাড়েন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।





