বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মহম্মদ ইউনুস কি ভারতের উত্তর-পূর্বাঞ্চল বা ‘সেভেন সিস্টার্স’ নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা করছেন? বিদায়বেলাতেও তাঁর মুখে ভারতের সংবেদনশীল এই অঞ্চলটির নাম আসায় নতুন করে কূটনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিদায়বেলায় এসেও নিজের পুরনো স্বভাব এবং বিতর্কিত অবস্থান থেকে সরলেন না শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।
প্রসঙ্গত, উত্তর-পূর্ব ভারত বা সেভেন সিস্টার্স নিয়ে মহম্মদ ইউনুসের মন্তব্য এই প্রথম নয়। এর আগেও একাধিকবার তিনি এই অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন, যা দিল্লির সাউথ ব্লকের উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে গত বছর তাঁর চীন সফরের সময় তিনি বাংলাদেশকে ‘সমুদ্রের অভিভাবক’ হিসেবে দাবি করেছিলেন। সেই ভাষণেও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর প্রসঙ্গ টেনে এনেছিলেন তিনি, যা নিয়ে আন্তর্জাতিক স্তরে যথেষ্ট জলঘোলা হয়েছিল।
ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সাথে বাংলাদেশের ভৌগোলিক সম্পর্ক অত্যন্ত নিবিড়। এমন এক সংবেদনশীল অঞ্চল নিয়ে বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে বারবার মন্তব্য করাটা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ হতে পারে। নিন্দুকদের মতে, বিদায়ী মুহূর্তে এসেও এই ধরনের কথা বলে আসলে কোনো নির্দিষ্ট শক্তির হয়ে সওয়াল করছেন না তো ইউনুস? কূটনীতির আঙিনায় এখন এটাই সবথেকে বড় প্রশ্ন।