চরম অশান্তির আবহে উত্তপ্ত পাকিস্তান। শুক্রবার ইসলামাবাদের একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৬ জন, আহত ১৬০-এর বেশি। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (ISIS) ইতিমধ্যেই এই নারকীয় হামলার দায় স্বীকার করেছে। তবে আশ্চর্যজনকভাবে, জঙ্গি গোষ্ঠীর স্বীকারোক্তির পরেও কোনো প্রমাণ ছাড়াই এই ঘটনার নেপথ্যে ভারতের হাত রয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে নকভি অভিযোগ করেন, আইএসআইএস বা তালিবানের মতো গোষ্ঠীগুলি নামমাত্র কাজ করছে, কিন্তু তাদের আসল ‘ফান্ডিং’ এবং ‘টার্গেট’ আসছে ভারত থেকে। যদিও নিজের সপক্ষে কোনো নথি বা তথ্য পেশ করতে পারেননি তিনি। ভারতের বিদেশ মন্ত্রক আগেই এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছে। নয়াদিল্লির স্পষ্ট বার্তা, নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সামলাতে না পেরে বিভ্রান্তি ছড়াতে অন্যদের ওপর দোষ চাপাচ্ছে পাকিস্তান।
এদিকে, এই হামলার তদন্তে চারজন সহযোগীকে গ্রেফতার করার দাবি করেছে পাকিস্তান। নকভি জানিয়েছেন, ধৃতদের মধ্যে হামলার মূল পরিকল্পনাকারী একজন আফগান নাগরিক। খাইবার পাখতুনখোয়ায় অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়েছে। একদিকে তদন্তে আফগান যোগ এবং আইএসআইএস-এর দায় স্বীকার, অন্যদিকে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ— সব মিলিয়ে ইসলামাবাদের এই অবস্থান আন্তর্জাতিক মহলে হাস্যরসের খোরাক জোগাচ্ছে।