ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর খবরে উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর উপত্যকা। সোমবার শ্রীনগরসহ উপত্যকার বিভিন্ন প্রান্তে অন্তত ৭৫টি প্রতিবাদ ও শোকমিছিল বের হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখনও পর্যন্ত ৬ জন জওয়ানসহ ১৪ জন আহত হয়েছেন। কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
খামেনেই-এর মৃত্যুতে কেবল ইরান নয়, ভারতের শিয়া অধ্যুষিত এলাকাগুলোতেও গভীর শোকের ছায়া। শ্রীনগরের লাল চক, বুদগাম, অনন্তনাগ ও পুলওয়ামায় হাজার হাজার মানুষ কালো পতাকা ও খামেনেই-এর ছবি হাতে রাস্তায় নামেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রীনগরে মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং দু’দিন স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে প্রশাসন।
ডিজিপি নলিন প্রভাত নিজে রাস্তায় নেমে পরিস্থিতির ওপর নজর রাখছেন। কাশ্মীরের পাশাপাশি লাদাখ, উত্তর প্রদেশ এবং কর্ণাটকেও খামেনেই-এর সমর্থনে মিছিল হয়েছে। উপত্যকায় বসবাসকারী প্রায় ১৫ লক্ষ শিয়া সম্প্রদায়ের মানুষের কাছে খামেনেই ছিলেন অত্যন্ত প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব, যার প্রতিফলন দেখা যাচ্ছে এই অভূতপূর্ব স্বতঃস্ফূর্ত প্রতিবাদে।