ইরান বনাম ইজরায়েল-আমেরিকা সংঘাতের আঁচ এবার সরাসরি এসে পড়ল ভারতের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে। লজিস্টিকস ও জ্বালানি সংকটের জেরে কলকাতার হাসপাতালগুলোতে চিকিৎসার খরচ হু হু করে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। টেকনো ইন্ডিয়া দামা হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট ডা. এমএস পুরকাইত জানিয়েছেন, এই ভূ-রাজনৈতিক অস্থিরতা বিশ্বব্যাপী মেডিক্যাল সাপ্লাই চেইনকে তছনছ করে দিচ্ছে।
মেডিক্যাল ট্যুরিজমের অন্যতম প্রধান কেন্দ্র কলকাতা হওয়ায়, সংঘাতের কারণে বিদেশি রোগীদের সংখ্যা যেমন কমছে, তেমনই ওষুধের কাঁচামাল ও অত্যাধুনিক যন্ত্রাংশ আমদানিতে ব্যাপক বিলম্ব হচ্ছে। ডা. পুরকাইতের মতে, সিরিঞ্জ, আইভি ব্যাগ এবং ক্যাথিটারের মতো জরুরি সামগ্রীগুলো পেট্রোকেমিক্যাল-ভিত্তিক কাঁচামালের ওপর নির্ভরশীল, যা মূলত ওই অশান্ত অঞ্চল থেকেই আসে। ফলে এগুলোর দাম বাড়লে হাসপাতালের খরচও বাড়বে, যার বোঝা বইতে হবে সাধারণ রোগীদের।
পরিস্থিতি এতটাই ঘোরালো যে, জ্বালানি সংকটের জেরে শুধু অ্যাম্বুল্যান্সের খরচই এক ধাক্কায় ১৮ শতাংশ বেড়ে গিয়েছে। আইসিইউ (ICU) বা অপারেশন থিয়েটারের মতো জরুরি বিভাগগুলো সচল রাখতে জেনারেটরের ওপর নির্ভর করতে হয়, সেখানেও জ্বালানির চড়া দাম রক্তচাপ বাড়াচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই বিকল্প সরবারহ ব্যবস্থা ও শক্তিশালী ইনভেন্টরি প্ল্যানিংয়ের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।