২০২২ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে পিটার এলবার্সের নেতৃত্বে ইন্ডিগো কয়েক হাজার কোটি টাকার মুনাফা এবং ৫০০০ বিমানের ঐতিহাসিক অর্ডার দিয়ে নজির গড়েছিল। কিন্তু গত বছরের ডিসেম্বরে পাইলটদের কাজের সময়সীমা (FDTL) সংক্রান্ত জটিলতায় কয়েক হাজার ফ্লাইট বাতিল হওয়ায় সংস্থাটি বড় সংকটের মুখে পড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ পিটার এলবার্স ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁর ইস্তফাপত্র জমা দেন।
সংস্থার বোর্ড অফ ডিরেক্টরস এই ইস্তফা গ্রহণ করেছে এবং রাহুল ভাটিয়াকে অবিলম্বে ম্যানেজমেন্টের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়েছে। সংস্থার চেয়ারম্যান বিক্রম সিং মেহতা জানিয়েছেন, এই ক্রান্তিকালে রাহুল ভাটিয়া সংস্থার সংস্কৃতি ও পরিচালনার মান ধরে রাখতে সাহায্য করবেন। পিটার এলবার্স তাঁর পদত্যাগপত্রে জানিয়েছেন যে, ইন্ডিগোর এই সাফল্যের যাত্রার অংশ হতে পারা তাঁর কাছে গর্বের বিষয়। তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, গত ডিসেম্বরের ‘অপারেশনাল মেল্টডাউন’ তাঁর পদত্যাগের পেছনে একটি বড় অনুঘটক হিসেবে কাজ করেছে।