ভারতের শিল্পপতি অনিল আম্বানি এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর বড় পদক্ষেপের মুখে। বিভিন্ন ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের অর্থ অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগে তদন্ত চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি তাঁর ৪০টি বহুমূল্যবান সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই বাজেয়াপ্ত করা সম্পত্তির মোট বাজার মূল্য কমপক্ষে ৩ হাজার ৮৪ কোটি টাকা।
রিপোর্ট অনুসারে, গত ৩ অক্টোবর প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে অনিল আম্বানির বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
কোথায় কোথায় বাজেয়াপ্ত সম্পত্তি:
ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত করা সম্পত্তির তালিকায় রয়েছে মুম্বইয়ের বিলাসবহুল পালি হিল রেসিডেন্স এবং দিল্লিতে অবস্থিত রিলায়েন্স সেন্টার প্রপার্টি। এছাড়াও দিল্লি, নয়ডা, মুম্বই, গাজিয়াবাদ, থানে, পুনে, চেন্নাই, হায়দরাবাদ, এবং ইস্ট গোদাবলীতে অবস্থিত অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
জালিয়াতির অভিযোগ ও ইয়েস ব্যাঙ্ক যোগসূত্র:
রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যাঙ্ক থেকে প্রাপ্ত ঋণের অর্থ জালিয়াতি করে নিজের কার্যসিদ্ধির জন্য বিভিন্ন বেনামী সংস্থাকে পাইয়ে দিয়েছেন।
ইডি সূত্রে জানা গেছে, রিলায়েন্সের সংস্থাগুলির বিরুদ্ধে ১৭,০০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল, যার মধ্যে কমপক্ষে ৩ হাজার কোটি টাকা ঋণ বাবদ দিয়েছিল ইয়েস ব্যাঙ্ক।
তদন্তে প্রকাশ পেয়েছে যে, রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফিনান্স লিমিটেডের তোলা পাবলিক ফান্ড নিয়ে জালিয়াতি করা হয়েছিল।
ইয়েস ব্যাঙ্কের এক্সপোজারের মাধ্যমে পরবর্তীতে ঘুর পথে এই ফান্ড রিলায়েন্সের সংশ্লিষ্ট সংস্থাগুলিতে পাঠানো হয়।
গোয়েন্দা সংস্থার মুখপাত্র জানিয়েছেন, বাজেয়াপ্ত করা এই সম্পত্তি সাধারণ মানুষেরই কাজে লাগবে এবং অনেকে উপকৃত হবেন।