২০২৬-এর মে মাসেই শেষ হচ্ছে বর্তমান আসাম বিধানসভার মেয়াদ। তার আগেই নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন (ECI)। মঙ্গলবার গুয়াহাটিতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের দল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়েই আসামসহ পাঁচ রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন। ২০ মে-র মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা থাকায় এপ্রিল মাসেই আসামে ভোটগ্রহণ হতে পারে।
এবারের নির্বাচনে আসামে মোট ১২৬টি আসনে লড়াই হবে। মঙ্গলবারের বৈঠকে অধিকাংশ রাজনৈতিক দল বৈশাখী বিহু উৎসবের কথা মাথায় রেখে ভোটের তারিখ নির্ধারণ করার আবেদন জানিয়েছে। পাশাপাশি, অনেক দলই ১ বা সর্বোচ্চ ২ দফায় ভোট শেষ করার প্রস্তাব দিয়েছে। এর আগে ২০২১ সালে তিন দফায় ভোট হয়েছিল, তবে এবার পরিস্থিতি ও নিরাপত্তার নিরিখে কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
ইতিমধ্যেই আসামের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ভোটারের সংখ্যা ২ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ১৩৯ জন। যার মধ্যে প্রায় ১ কোটি ২৪ লক্ষ পুরুষ এবং ১ কোটি ২৪ লক্ষ মহিলা ভোটার রয়েছেন। ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় প্রায় ২.৪৩ লক্ষ ভুয়া বা মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিরোধী নেতা গৌরব গগৈ উভয়েই এখন থেকে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন। বিজেপি যেখানে ১০০-র বেশি আসন জয়ের টার্গেট নিয়েছে, সেখানে বিরোধী জোট ‘অসম সম্মিলিত মোর্চা’ গেরুয়া দুর্গ ভাঙতে মরিয়া।