পারিবারিক অশান্তির জেরে নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী থাকল পশ্চিম বর্ধমানের আসানসোল। গতকাল রাতে কুলটি থানার কলেজ রোডের রামকৃষ্ণ সরণিতে নিজের মাকে গুলি করে এবং ঘরে আগুন লাগিয়ে নিজে আত্মঘাতী হলেন বছর পঞ্চাশের প্রৌঢ় রাজা মুখোপাধ্যায়। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতের পিতা দয়াময় মুখোপাধ্যায় জানান, বেসরকারি নিরাপত্তারক্ষীর কাজ করা ছেলে রাজা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত বুধবার তুচ্ছ কারণে তিনি তাঁর বাবাকে বেধড়ক মারধর করেন। ছেলের হাত থেকে বাঁচতে দয়াময়বাবু পুরুলিয়ার কাশীপুরে মেয়ের বাড়িতে আশ্রয় নেন। বাড়িতে ছিলেন কেবল মা সন্ধ্যা মুখোপাধ্যায় ও ছেলে রাজা। বৃহস্পতিবার রাতে ফের মা-ছেলের অশান্তি চরমে ওঠে। অভিযোগ, নিজের কাছে থাকা বন্দুক দিয়ে মাকে গুলি করেন রাজা, এরপর ঘরে আগুন ধরিয়ে দিয়ে নিজেও আত্মঘাতী হন।
খবর পেয়ে কুলটি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যাদেবী ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। রাজাকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কাউন্সিলর চৈতন্য মাজি এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।