আরজি কর হাসপাতালের সেই নৃশংস চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা কি এবার এক নতুন মোড় নিতে চলেছে? সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এক নির্দেশে সেই জল্পনাই শুরু হয়েছে। আদালত জানিয়েছে, সিবিআই চাইলে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় এবং অন্যান্য সন্দেহভাজনদের ফের জিজ্ঞাসাবাদ করতে পারবে। এমনকি প্রয়োজনে আধুনিক প্রযুক্তির সাহায্য নিতেও ছাড়পত্র দেওয়া হয়েছে।
এই ইস্যুতেই ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানের সোশ্যাল মিডিয়া পোল-এ ঝোড়ো প্রতিক্রিয়া পাওয়া গেছে। ইউটিউবে দর্শকদের প্রশ্ন করা হয়েছিল— “দোষী সঞ্জয় রায়-সহ অন্য যে কোনও সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য CBI-কে ছাড়পত্র দিয়েছে হাইকোর্ট। নতুন করে শুরু হওয়া উচিত RG কর তদন্ত?” এর উত্তরে কার্যত গণবিস্ফোরণ ঘটেছে। পোলে অংশগ্রহণকারীদের মধ্যে ৯৫ শতাংশই জানিয়েছেন ‘হ্যাঁ’, তারা নতুন করে তদন্তের পক্ষে। মাত্র ৪ শতাংশ না বলেছেন এবং ২ শতাংশ জানিয়েছেন ‘জানি না’।
উল্লেখ্য, বিচারপতি মান্থা পর্যবেক্ষণ করেছেন যে, সঞ্জয় রায় সম্ভবত অনেক গোপন তথ্য জানেন। রাজ্য সরকারের আপত্তির মুখেও আদালত প্রশ্ন তুলেছে, নিহতের মা-বাবা ঘটনাস্থলে যেতে চাইলে বাধা কোথায়? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নির্বাচনী সভায় এই ইস্যু নিয়ে তৃণমূলকে আক্রমণ করার দিনেই আদালতের এই নির্দেশ রাজনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরবর্তী শুনানি আগামী ১২ মে।





