আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে বড় ধাক্কা! ফের নতুন সিট (SIT) গঠনের নির্দেশ হাইকোর্টের

আরজি কর কাণ্ডে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ফের বড়সড় হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। দীর্ঘ ১ বছর ৭ মাস অতিক্রান্ত হওয়ার পরেও তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে, নতুন করে সিট (SIT) গঠনের মাধ্যমে পুনরায় তদন্তের নির্দেশ দিলেন বিচারপতিরা। নির্যাতিতার বাবা-মায়ের দায়ের করা আবেদনের ভিত্তিতে এদিনের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন স্পষ্ট নির্দেশ দেয় যে, সিবিআই-এর পূর্বাঞ্চলীয় জোনের যুগ্ম ডিরেক্টরের নেতৃত্বে তিন সদস্যের একটি বিশেষ সিট গঠন করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতিদের পর্যবেক্ষণ অনুযায়ী, ঘটনার রাতে নির্যাতিতার ডিনার থেকে শুরু করে শ্মশান পর্যন্ত প্রতিটি মুহূর্তের ঘটনাচক্র নতুন করে খতিয়ে দেখবে এই বিশেষ দল। আগামী ২৫ জুনের মধ্যে সিবিআইকে এই পুনর্তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে।

এদিন শুনানির সময় সিবিআই-এর তদন্তকারী অফিসার সীমা পাহুজার উপস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একগুচ্ছ কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সরাসরি প্রশ্ন তোলেন, “২০২৪ সালের ৭ অক্টোবর প্রথম চার্জশিট জমা দেওয়ার পর থেকে ১ বছর ৭ মাসে তদন্ত আর কতটা এগিয়েছে?” বিচারপতি শম্পা সরকারও তদন্তের মান নিয়ে প্রশ্ন তুলে বলেন, সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে, তাতে দীর্ঘ সময়ের তদন্তের নিরিখে সন্তোষজনক কোনো তথ্য নেই।

বিচারপতিদের জিজ্ঞাসাবাদের মুখে সিবিআই জানায়, চার্জশিট জমা দেওয়ার পর তারা ৭০ থেকে ৮০ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার কেস ডায়ারি দেখার ইচ্ছে প্রকাশ করেন। ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে সাফ জানানো হয়, সিবিআই-এর দাখিল করা রিপোর্টে একাধিক ত্রুটিবিচ্যুতি তাঁদের নজরে এসেছে। যদিও সিবিআই-এর আইনজীবীর দাবি, তদন্তে কোনো ত্রুটি থাকলে তার দায় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের ওপর বর্তায়।

নির্যাতিতার পরিবারের আইনজীবী এদিন দাবি করেন, মূল ঘটনার অনেক দিক এখনও অজানা এবং সিবিআই সেই সব তথ্য এড়িয়ে গেছে। পরিবারের এই অভিযোগকেই গুরুত্ব দিয়ে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে, অভয়ার পরিবারের তোলা পয়েন্টগুলো খতিয়ে দেখতে পুনরায় ঘটনাস্থলে তদন্ত চালাবে সিআইবি।

ঘটনাচক্রের এই নতুন মোড় আরজি কর কাণ্ডে নতুন করে আইনি লড়াই শুরু করল। একদিকে আদালতের কড়া নজরদারি, অন্যদিকে নতুন সিট গঠনের মাধ্যমে সিবিআই-এর ওপর চাপ— সব মিলিয়ে অভয়া কাণ্ডের বিচারপ্রক্রিয়া এখন নতুন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy