আর লাগবে না বাড়তি টাকা! ফ্লাইটের টিকিট বুকিংয়ে বড় ছাড়ের ঘোষণা করল কেন্দ্র

বিমানের টিকিট কাটার পর সামান্য ভুলের জন্য বা হঠাৎ পরিকল্পনা বদলে গেলে চড়া হারে ‘ক্যানসেলেশন চার্জ’ দিতে গিয়ে পকেটে টান পড়ত সাধারণ যাত্রীদের। তবে এবার সেই দিন শেষ। গত ডিসেম্বর মাসে ইন্ডিগো ফ্লাইটের ব্যাপক বিভ্রাট এবং রিফান্ড নিয়ে যাত্রীদের পাহাড়প্রমাণ অভিযোগের পর নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা (DGCA) ‘রিফান্ড অফ এয়ারলাইন টিকিটস’ সংক্রান্ত নিয়মে বড়সড় সংশোধন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, টিকিট বুক করার প্রথম ৪৮ ঘণ্টার মধ্যে যদি আপনি সেই টিকিট বাতিল করেন বা তাতে কোনো পরিবর্তন (যেমন তারিখ বদল) আনেন, তবে তার জন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষ কোনো বাড়তি ‘পেনাল্টি’ বা ‘ক্যানসেলেশন ফি’ নিতে পারবে না।

তবে এই সুবিধার জন্য কিছু শর্ত রাখা হয়েছে। ঘরোয়া ফ্লাইটের ক্ষেত্রে যাত্রার অন্তত ৭ দিন আগে এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১৫ দিন আগে টিকিট বুক করলে তবেই এই ‘লুক-ইন’ পিরিয়ড বা ৪৮ ঘণ্টার ফ্রি উইন্ডো পাওয়া যাবে। এছাড়াও, নাম সংশোধনের ক্ষেত্রেও বড় স্বস্তি দেওয়া হয়েছে। টিকিট বুক করার ২৪ ঘণ্টার মধ্যে নামের বানান ভুল ধরা পড়লে, এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে বুক করা টিকিটের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কাটলেও রিফান্ড দেওয়ার দায়বদ্ধতা এখন সরাসরি এয়ারলাইন্সের ওপর বর্তাবে এবং ১৪ কার্যদিবসের মধ্যে সেই টাকা ফেরত দিতে হবে। ২৬ মার্চ ২০২৬ থেকে এই নিয়ম পুরোপুরি কার্যকর হতে চলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy