আর বলা যাবে না ‘ওয়ে’! পুলিশকে শিষ্টাচার শেখাতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের

পুলিশের মেজাজ আর মুখের ভাষায় আমূল বদল আনতে কড়া পদক্ষেপ নিল পাকিস্তানের পঞ্জাব সরকার। সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলার সময় সম্মান বজায় রাখা এবং নির্দিষ্ট শব্দ ব্যবহারে বাধ্যবাধকতা জারি করেছেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। এবার থেকে সাধারণ মানুষকে ‘স্যর’, ‘ম্যাডাম’ বা ‘সাহেব’ বলে সম্বোধন করা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো অবস্থাতেই তুচ্ছতাচ্ছিল্য করে বা অসম্মানজনক ভাষায় কথা বলা চলবে না।

পঞ্জাব পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, থানায় হোক বা রাস্তায় চেকপোস্টে—নাগরিকদের ভয় দেখানো বা রূঢ় আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সাম্প্রতিক সময়ে পুলিশের বিরুদ্ধে নাগরিকদের ‘ওয়ে’ (ওরে) বলে সম্বোধন করা বা অশালীন ব্যবহারের ভূরি ভূরি অভিযোগ আসছিল। এই প্রেক্ষাপটেই বাহিনীর পেশাদারিত্ব বজায় রাখতে ‘শিষ্টাচার’ পাঠ দেওয়ার উদ্যোগ নিল প্রশাসন।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, পুলিশের কাজ শুধু আইন রক্ষা নয়, মানুষের আস্থা অর্জন করাও। এই নির্দেশ ঠিকমতো পালিত হচ্ছে কি না, তা যাচাই করতে টহলরত পুলিশকর্মীদের জন্য ‘বডি ক্যাম’ পরা বাধ্যতামূলক করা হয়েছে। এই ক্যামেরার মাধ্যমে প্রতিটি কথোপকথন রেকর্ড করা থাকবে, যা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। বাহিনীর সদস্যদের দ্রুত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, পুলিশের দীর্ঘদিনের বিতর্কিত ভাবমূর্তি বদলাতে মরিয়মের এই ‘সৌজন্য নীতি’ এক বড় পরীক্ষা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy