“আমি ৪৪০ ভোল্টের কারেন্ট!” মাছ-মাংস নিষিদ্ধের তত্ত্বে বিজেপিকে বেনজির হুঁশিয়ারি মমতার

বাংলায় মাছ-মাংস কি এবার শপিং মলে বিক্রি হবে? বিজেপি ক্ষমতায় এলে কি সাধারণ মানুষের খাদ্যাভ্যাসে কাঁচি চালানো হবে? বিহারের উপ-মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের রেশ টেনে আজ এমনই সব বিস্ফোরক প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, “বিজেপি এলে বাংলায় মাছ-মাংস নিষিদ্ধ করে দেবে। আমাদের বিক্রেতারা রাস্তায় টাটকা মাছ বিক্রি করে রুটি-রুজি কামায়, ওরা সেই অধিকার কেড়ে নিতে চায়।”

এদিন সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনকেও ‘তুঘলকি’ বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে নজরদারির অভিযোগে তিনি বলেন, “সাহস থাকলে বৈধ ভোটারদের নাম না বাদ দিয়ে অবাধ নির্বাচন করে দেখান।” একইসঙ্গে পেগাসাস ব্যবহারের অভিযোগ তুলে তিনি দাবি করেন, বিজেপির গতিবিধি নজর রাখার জন্য তাঁর কাছেও পর্যাপ্ত লোক আছে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “ওরা যদি ৪২০ (প্রতারক) হয়, তবে আমি ৪৪০ ভোল্ট। সীমা লঙ্ঘন করলে কাদের আশ্রয় দিয়েছেন সব ফাঁস করে দেব।” পুলওয়ামা কাণ্ড থেকে শুরু করে বিএসএফ-এর ভূমিকা এবং কেন্দ্রীয় আধিকারিকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি হুঁশিয়ারি দেন যে, সরকার পরিবর্তন হবে কিন্তু আধিকারিকদের কাজের রেকর্ড নথিভুক্ত থাকবে। বাংলার মানুষের সাংবিধানিক অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে রেহাই দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy