আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) চালু হতেই টলিউডের কলাকুশলী ও টেকনিশিয়ানদের জন্য আয়োজিত স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন ক্যাম্প আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা দেব। সোমবার ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন যে, কিছু মানুষ শিল্পীদের ভয় দেখাচ্ছেন এবং ভুল বোঝাচ্ছেন। দেবের ভাষায়, “কিছু লোক আছে যারা সব সময় বাধা দিতে চায়। এখন টেকনিশিয়ানদের চমকানো হচ্ছে।”
দেব জানান, এই কার্ডের উদ্যোগ পুরোটাই ছিল শিল্পীদের পাশে থাকার জন্য। তবে ভোটের সময় সরকারি নিয়ম মেনেই এটি এখন বন্ধ রাখা হয়েছে। তিনি আরও আশ্বস্ত করেছেন যে, “সব কিছু ঠিকঠাক থাকলে ভোটের পর আবারও নতুন করে ক্যাম্প বসানো হবে।” যাঁরা কার্ডের জন্য নাম নথিভুক্ত করতে পারেননি, তাঁদের দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়ে দেব বলেন, নির্বাচনের পরেই সবাই আবার সুযোগ পাবেন।