আম আদমি পার্টিতে গৃহযুদ্ধ! রাঘব চাড্ডার ডানা ছাঁটলেন কেজরিওয়াল, রাজ্যসভায় নয়া ডেপুটি লিডার

আম আদমি পার্টির (AAP) অন্দরে ফাটল এখন আর গোপন নেই। রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দিয়ে সেই জায়গায় অশোক মিত্তলকে স্থলাভিষিক্ত করেছে দল। শুধু পদচ্যুতিই নয়, রাঘব যাতে সংসদে আর বলার সুযোগ না পান, তার জন্য রাজ্যসভা সেক্রেটারিয়েটকে চিঠিও দিয়েছে আপ। এই নাটকীয় ঘটনার পরেই দলের মুখপাত্র অনুরাগ ধন্ডা সরাসরি আক্রমণ শানিয়েছেন রাঘবের বিরুদ্ধে। ধন্ডার অভিযোগ, রাঘব চাড্ডা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয় পান এবং সেই কারণেই সংসদে দেশের প্রকৃত ইস্যু নিয়ে মুখ খুলতে ‘সঙ্কোচ’ বোধ করেন।

রাঘব চাড্ডা পাল্টা একটি ভিডিও বার্তায় নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, “হয়তো আমার মুখ বন্ধ করা যাবে, কিন্তু থামানো যাবে না।” তিনি প্রশ্ন তুলেছেন, সাধারণ মানুষের স্বার্থে সরব হওয়ার কারণেই কি তাঁর কণ্ঠরোধ করা হচ্ছে? তবে আপ মুখপাত্রের দাবি অন্য। তাঁর মতে, যখন দলের কর্মীরা গুজরাটে গ্রেফতার হচ্ছিলেন বা যখন মুখ্য নির্বাচন কমিশনারের (CEC) বিরুদ্ধে প্রস্তাব আনা হয়েছিল, তখন রাঘব নীরব ছিলেন। এমনকি দলের বাকিরা ওয়াক-আউট করলেও তিনি মোদীর উপস্থিতিতে সংসদ কক্ষে বসেছিলেন। রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা, রাঘব চাড্ডা কি তবে ঝাড়ু ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন?

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy