ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে অনুপ্রবেশ ইস্যু ফের তুঙ্গে। বুধবার রাতে অসম থেকে দিল্লিগামী কামাখ্যা নর্থ-ইস্ট এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ১৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল আরপিএফ। ধৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন মহিলা এবং ৪ জন নাবালক-নাবালিকা রয়েছে। জলপাইগুড়ি রোড স্টেশনে স্পেশাল চেকিংয়ের সময় তাঁদের আধার কার্ডে অসঙ্গতি ধরা পড়ায় তাঁদের ট্রেন থেকে নামিয়ে নেওয়া হয়।
আরপিএফ আধিকারিক বিপ্লব দত্ত জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল, জাল আধার কার্ড, প্যান কার্ড এবং বাংলাদেশি ও মালয়েশিয়ান মুদ্রা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা কামাখ্যা থেকে টিকিট কেটে দিল্লি হয়ে জম্মু ও কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। ভোটের মুখে সীমান্ত পেরিয়ে কীভাবে এতজন বিদেশি নাগরিক এ দেশে ঢুকল এবং কারা তাঁদের জাল নথি তৈরিতে সাহায্য করল, তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি যেখানে শাসকদলের মদতে অনুপ্রবেশের অভিযোগ তুলছে, সেখানে তৃণমূলের দাবি— সীমান্ত সুরক্ষার দায়িত্ব কেন্দ্রের বিএসএফের, তাই ব্যর্থতাও তাঁদেরই। আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে।





