বলিউডের ‘চকোলেট বয়’ বরুণ ধাওয়ানের ঘর আলো করে এসেছিল ছোট্ট লারা। কিন্তু জন্মের পর থেকেই এক কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল একরত্তিকে। সম্প্রতি অভিনেতা খোলসা করেছেন যে, তাঁর মেয়ে এক বিরল হাড়ের সমস্যায় আক্রান্ত হয়েছিল, যার ফলে সে স্বাভাবিকভাবে পা নাড়াতে বা হাঁটতে পারছিল না। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ দ্য হিপ’ (DDH)।
আড়াই মাসের অবর্ণনীয় কষ্ট চিকিৎসকদের পরামর্শে লারাকে একটি দীর্ঘমেয়াদী এবং বিশেষ চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়। প্রায় আড়াই মাস তাকে ‘স্পাইকা কাস্ট’ (Spica Cast) পরে থাকতে হয়েছিল। এটি এমন এক ধরণের বিশেষ প্লাস্টার যা কোমর থেকে পা পর্যন্ত শক্ত করে আটকে রাখা হয় যাতে হাড়ের জয়েন্ট সঠিকভাবে বসতে পারে। বরুণ জানান, এই সময়টি তাঁদের পরিবারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে যখন লারাকে অ্যানাস্থেশিয়া দিয়ে প্লাস্টার পরানো হয়েছিল এবং সেই অবস্থাতেই তার জ্ঞান ফিরেছিল, সেই দৃশ্য দেখা একজন বাবার পক্ষে অসহ্য ছিল।
এখন কেমন আছে লারা? অভিনেতা জানিয়েছেন, বর্তমানে সেই কঠিন সময় পার করে এসেছে লারা। আড়াই মাসের সেই বন্দি দশা থেকে মুক্তি পেয়েছে সে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এখন সে অনেকটাই সুস্থ। তবে এই বিরল রোগের চিকিৎসা যে কতটা মানসিক এবং শারীরিক ধৈর্যের পরীক্ষা নেয়, তা নিজের অভিজ্ঞতা থেকে ভাগ করে নিয়েছেন বরুণ। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় বরুণের মেয়ের দ্রুত আরোগ্য কামনায় সরব হয়েছেন অনুরাগীরা।