আগের দুই স্ত্রীর রহস্যমৃত্যু, এবার প্রাণ গেল পারভিনারও! মুর্শিদাবাদে জমি হাতিয়ে নেওয়ার ছকে প্রাণ গেল গৃহবধূর

মুর্শিদাবাদের ডোমকলে এক গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। মৃতার নাম পারভিনা বিবি। অভিযোগের আঙুল উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির আগের দুই স্ত্রীও একইভাবে প্রাণ হারিয়েছিলেন। পারভিনা ছিলেন তাঁর তৃতীয় পক্ষের স্ত্রী। বিয়ের পর থেকেই পারভিনার বাবার বাড়ির দেওয়া জমি ফিরিয়ে দেওয়ার জন্য তাঁর ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হতো বলে অভিযোগ।

রবিবার সকালে সেই বিবাদ চরম আকার ধারণ করে। অভিযোগ, বাড়িতেই পারভিনাকে বেধড়ক মারধর করা হয় এবং পিটিয়ে খুন করা হয়। অবস্থা বেগতিক দেখে এবং দেহে প্রাণ নেই বুঝে অভিযুক্তরা তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করতেই দেহ ফেলে রেখে চম্পট দেয় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। পারভিনার বাপের বাড়ির সদস্যদের দাবি, “জমি লিখে দেওয়ার জন্য ওর ওপর রোজ অত্যাচার হতো। আজ ওরা ওকে মেরেই ফেলল।”

পুলিশ ইতিমধ্য়েই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে ডোমকল থানার পুলিশ। তবে আগের দুই স্ত্রীর মৃত্যুর ক্ষেত্রেও কি একই ধরণ ছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। এক ব্যক্তির তিন-তিনজন স্ত্রীর রহস্যজনক মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy