পশ্চিম এশিয়ার উত্তাল ভূ-রাজনৈতিক পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ল আন্তর্জাতিক তেলের বাজারে। শুক্রবার লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী অশোধিত তেলের দাম, যা বিশ্ব অর্থনীতির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও, আমেরিকা ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি নিয়ে তৈরি হওয়া প্রবল সংশয় বাজারকে অস্থির করে তুলেছে।
বাজারের পরিসংখ্যান অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ০.৮৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৭৫ ডলারে দাঁড়িয়েছে। পিছিয়ে নেই মার্কিন তেলের বাজারও; ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI)-এর দাম ১.০৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯৮.৯১ ডলারে পৌঁছেছে। অর্থাৎ, দুই ক্ষেত্রেই তেলের দাম এখন ১০০ ডলার ছোঁয়ার অপেক্ষায়।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ হরমুজ প্রণালীতে সামান্যতম বিঘ্ন ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ব্রোকারেজ ফার্ম ‘মারকোয়ারি’ সতর্ক করে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দাম কিছুটা কমলেও তা সাময়িক। এপ্রিল মাসে নতুন করে উত্তেজনা ছড়ালে তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ ডলার পর্যন্ত আকাশছোঁয়া হতে পারে। এই আশঙ্কায় বিভিন্ন দেশের সরকার ও বিনিয়োগকারীরা এখন চরম সতর্ক অবস্থায় দিন গুনছেন।





