প্যারিসের আইফেল টাওয়ার—বিশ্বজুড়ে যা পরিচিত ভালোবাসার প্রতীক হিসেবে। কিন্তু আপনি কি জানেন, এই টাওয়ারটি নিজেই একবার ‘বিবাহিত’ ছিল? শুনতে অবিশ্বাস্য মনে হলেও, আমেরিকার বাসিন্দা এরিকা লাবেয়ার (Erika LaBrie) নামের এক নারী আস্ত এই স্থাপত্যের প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিলেন।
২০০৭ সালে এরিকা একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আইফেল টাওয়ারকে বিয়ে করেন এবং নিজের নাম পরিবর্তন করে রাখেন ‘এরিকা আইফেল’। এরিকা মূলত একজন ‘অবজেক্টোসেক্সুয়াল’ (Objectosexual), যারা জড় বস্তুর প্রতি গভীর ভালোবাসা বা আকর্ষণ অনুভব করেন। আইফেল টাওয়ারের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে, তিনি প্রায় ১০ বছর ধরে এই স্থাপত্যের সঙ্গে একটি ‘সম্পর্ক’ বজায় রেখেছিলেন।
অবশ্য এই অদ্ভুত প্রেমের পথ মসৃণ ছিল না। ২০০৮ সালে তার এই বিয়ের বিষয়টি জানাজানি হতেই বিশ্বজুড়ে বিতর্কের ঝড় ওঠে। এরিকাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের পর তিনি ব্যাপক ট্রোলিং ও সমালোচনার মুখে পড়েন। এমনকি তার এই ‘প্রেমের মানুষের’ অর্থাৎ আইফেল টাওয়ারের কাছে যাওয়ার ওপরও এক সময় নিষেধাজ্ঞা জারি করা হয়। এরিকা পরবর্তীতে জানান যে, এই বিচ্ছেদ তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। যদিও আইফেল টাওয়ারের সাথে তার প্রেমের ইতি ঘটেছে, কিন্তু ইতিহাসের পাতায় এই ঘটনাটি আজও আধুনিক বিশ্বের অন্যতম অদ্ভুত ও বিতর্কিত প্রেমের গল্প হিসেবে রয়ে গেছে।