মঙ্গলবার সকাল থেকেই রাজনৈতিক মহলের নজর ছিল দেশের শীর্ষ আদালতের দিকে। আইপ্যাক (I-PAC) অফিসে ইডির তল্লাশি এবং নথিপত্র সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, তা নিয়ে চলছিল টানটান উত্তেজনা। তবে শেষ পর্যন্ত পিছিয়ে গেল বহুল চর্চিত এই মামলার শুনানি। রাজ্যের পক্ষের বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় তাঁর পক্ষ থেকে শুনানি স্থগিতের আবেদন জানানো হয়।
বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। সিব্বলের অসুস্থতার কারণে তাঁর জুনিয়র আইনজীবী সময় চাইলে সলিসিটর জেনারেল তুষার মেহতা তাতে কোনো আপত্তি জানাননি। আদালত উভয় পক্ষের সম্মতিতে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ১৮ ফেব্রুয়ারি।
ঘটনার প্রেক্ষাপট ও ইডির অভিযোগ: গত ৮ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক-এর কর্ণধার প্রতীক জৈনের কলকাতার আবাসন এবং সংস্থার দফতরে তল্লাশি চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অভিযোগ ওঠে, তল্লাশি চলাকালীন নজিরবিহীনভাবে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের তৎকালীন পুলিশ ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ইডির দাবি, মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার কাজে ‘হস্তক্ষেপ ও বাধা’ দিয়েছেন। এই গুরুতর অভিযোগ ঘিরেই মামলা পৌঁছায় সর্বোচ্চ আদালতে।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি শুনানি পিছিয়ে ১০ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছিল। এবার অসুস্থতার কারণে তা আরও এক সপ্তাহ পিছিয়ে গেল। ১৮ ফেব্রুয়ারি শীর্ষ আদালত এই নজিরবিহীন ঘটনায় কী অবস্থান নেয়, সেটাই এখন দেখার।