অসম বিধানসভা নির্বাচন ২০২৬-এর রণক্ষেত্রে নিজেদের অবস্থান আরও শক্ত করতে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের পক্ষ থেকে আরও ৭ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে এই তালিকার সবথেকে বড় চমক হলো, প্রথম তালিকায় ঘোষিত চামারিয়া বিধানসভা কেন্দ্রের হেভিওয়েট প্রার্থী তথা দলের রাজ্য সহ-সভাপতি দুলু আহমেদের নাম প্রত্যাহার। ব্যক্তিগত কারণে তিনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গিয়েছে।
দ্বিতীয় তালিকায় যে ৭ জনের নাম রয়েছে, তাঁরা হলেন:
-
মন্ডিয়া: শোরম্যান আলি আহমেদ (প্রাক্তন বিধায়ক)
-
হাজো-শুয়ালকুচি (তফসিলি জাতি): রোজি আহমেদ (ফুনু দাস)
-
গুয়াহাটি সেন্ট্রাল: অভিজিৎ মজুমদার
-
চাবুয়া-লাহোয়াল: ইনুস কুমার কানদাপন
-
মারিয়ানি: পরেশ বোরা
-
করিমগঞ্জ উত্তর: পরিমল রঞ্জন রায়
-
করিমগঞ্জ দক্ষিণ: আজিজ আহমেদ খান (রানু খান)
তৃণমূল নেত্রী সুস্মিতা দেব আগেই জানিয়েছিলেন যে, অসমে তাঁরা একক শক্তিতে লড়বেন এবং অন্তত ৫১টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম দফায় ১৭ জন এবং দ্বিতীয় দফায় ৭ জন মিলিয়ে এ পর্যন্ত মোট ২৩ জন প্রার্থীর নাম সামনে এল (চামারিয়ার নাম প্রত্যাহার বাদ দিয়ে)। বিশেষ করে বরাক উপত্যকা এবং নিম্ন অসমে বাঙালি ও সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে টার্গেট করেই প্রার্থী চয়ন করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। আগামী ৯ এপ্রিল অসমে এক দফাতেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।