ভারতের মহাকাব্য রামায়ণের গাথা এবার সুদূর রাশিয়ার মাটিতে ধ্বনিত হতে চলেছে। আগামী ২০ ফেব্রুয়ারি রাশিয়ার রাজধানী মস্কোয় আয়োজিত হতে চলেছে এক অনন্য ‘রামলীলা’। তবে এই নাটকের সবথেকে বড় চমক হলো, এতে কোনো ভারতীয় শিল্পী নয়, বরং প্রধান চরিত্রগুলোতে অভিনয় করবেন খোদ রাশিয়ান অভিনেতা-অভিনেত্রীরা।
মস্কোর জওহরলাল নেহরু কালচারাল সেন্টার ও ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে এই ঐতিহাসিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রামের ভূমিকায় ইভজেনি এবং সীতার চরিত্রে দারিয়া দর্শকদের মন জয় করতে প্রস্তুত। এছাড়াও লক্ষ্মণ ও হনুমানের ভূমিকায় দেখা যাবে যথাক্রমে মুরাত ও দিমিত্রিকে। উদ্যোক্তা সংস্থা ‘দিশা’-র মতে, অযোধ্যার দীপোৎসবের বৈশ্বিক প্রভাবই তাঁদের এই আয়োজনে অনুপ্রাণিত করেছে। আধ্যাত্মিকতা ও সংস্কৃতির এই মেলবন্ধন দেখতে এখন মুখিয়ে আছেন রাশিয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবাসী ভারতীয়রাও।