২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণডঙ্কা কি বেজে গেল? উত্তর চব্বিশ পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে ‘গৃহ সম্পর্ক অভিযান’ শুরু করে অন্তত সেই ইঙ্গিতই দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডক্টর সুকান্ত মজুমদার। তবে রাজনৈতিক মহলে সবথেকে বেশি চর্চা হচ্ছে এই অভিযানের সূচনাস্থল নিয়ে। আরজি কর কাণ্ডের সেই ‘অভয়া’র খাস তালুক পানিহাটি থেকেই বিজেপি তাদের এই জনসংযোগ কর্মসূচি শুরু করায় জল্পনা তুঙ্গে।
বুধবার পানিহাটিতে সুকান্ত মজুমদারের এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। কেন্দ্রীয় মন্ত্রী স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। বিধানসভা নির্বাচনের মুখে বাংলার মানুষের মনের নাড়ি টিপতেই এই ‘গৃহ সম্পর্ক অভিযান’ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
সুকান্ত মজুমদার এদিন পানিহাটি থেকে রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়ে জানান, বাংলার সাধারণ মানুষ আর নিরাপত্তাহীনতায় ভুগতে চান না। অভয়ার এলাকায় দাঁড়িয়ে তাঁর এই কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ আরজি কর ইস্যু এখনও বঙ্গ রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল। বিজেপি নেতৃত্বের লক্ষ্য, ভোটের আগে প্রতিটি দুয়ারে পৌঁছে গিয়ে হারানো জমি পুনরুদ্ধার করা এবং শাসকদলের বিরুদ্ধে জনমত গড়ে তোলা।