কিছু কিছু সিনেমা যেন সময়ের চেয়েও অনেকটা এগিয়ে থাকে। ১৯৮০ সালে যখন হিন্দি সিনেমার শোম্যান সুভাষ ঘাই ‘কার্জ’ পরিচালনা করেছিলেন, তখন তার পরিণতি হয়েছিল এমনই। ঋষি কাপুর, সিমি গারওয়াল এবং টিনা আম্বানি অভিনীত এই ছবির গানগুলি (যেমন: Om Shanti Om, Ek Haseena Thi, Ek Deewana Tha) সুপারহিট হওয়া সত্ত্বেও, ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বিতরকরা মনে করেছিলেন, ছবিটি সময়ের থেকে অনেকটাই এগিয়ে।
কিন্তু মজার বিষয় হলো, এই ‘কার্জ’-এর মূল গল্পকে ভিত্তি করে তৈরি হওয়া পরবর্তী দুটি ছবিই হয়ে ওঠে বিশাল ব্লকবাস্টার— ‘করণ অর্জুন’ (১৯৯৫) এবং ‘ওম শান্তি ওম’ (২০০৭)!
একই চিত্রনাট্য, ভিন্ন পরিণতি
‘কার্জ’-এর গল্পটি লিখেছিলেন ড. রাহি মাসুম রাজা। ছবিটির চিত্রনাট্যকার শচীন ভৌমিক ১৫ বছর পর একই জন্মান্তরবাদের (reincarnation) থিম নিয়ে পরিচালক রাকেশ রোশনকে রাজি করান। ১৯৯৫ সালে মুক্তি পায় রাকেশ রোশনের ‘করণ অর্জুন’, যা ছিল একটি অ্যাকশন ব্লকবাস্টার। এই ছবিতে প্রথমবার একসঙ্গে পর্দায় আসেন শাহরুখ খান এবং সালমান খান। ছবিটি বক্স অফিসে রেকর্ড গড়ে।
আশ্চর্যজনকভাবে, শুরুতে শাহরুখ খান জন্মান্তরবাদের গল্পে বিশ্বাসী ছিলেন না। রাকেশ রোশন এক সাক্ষাৎকারে জানান, শাহরুখ বারবার বলছিলেন, “এটা সম্ভব না! আগে তারা মরল, তারপর ফিরে এলো!” তবে পরবর্তীতে শাহরুখ এই জন্মান্তরবাদের থিমেই আরও একটি ব্লকবাস্টার উপহার দেন।
দীপিকার ডেবিউ, শাহরুখের দ্বিতীয় ব্লকবাস্টার
‘করণ অর্জুন’-এর ১২ বছর পর, শাহরুখ খান নিজেই জন্মান্তরবাদের থিমকে কাজে লাগান ‘ওম শান্তি ওম’ (২০০৭) ছবিতে। এটি ছিল দীপিকা পাডুকোনের ডেবিউ ফিল্ম। ফারাহ খান পরিচালিত এই ছবিটি কমেডি, সাসপেন্স ও ড্রামার মিশ্রণে একটি সম্পূর্ণ বিনোদনমূলক প্যাকেজ ছিল। মাত্র ৪০ কোটি টাকা বাজেটে তৈরি ছবিটি বিশ্বব্যাপী ১৪৯ কোটি টাকা আয় করে ব্লকবাস্টারের তকমা পায়।
এভাবেই সুভাষ ঘাইয়ের একটি ফ্লপ ছবি দুই প্রজন্মের দুটি ব্লকবাস্টার ছবির অনুপ্রেরণা হয়ে রইল।