ব্যস্ত গাড়ি মালিকদের জন্য বড়সড় সুখবর নিয়ে এল মারুতি সুজুকি। সার্ভিস সেন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার দিন এবার অতীত। গ্রাহকদের সুবিধার্থে কোম্পানি চালু করতে চলেছে তাদের বিশেষ সার্ভিস পয়েন্ট ‘কুইকস্টপ’ (Quickstop)। মূলত এয়ারপোর্ট, কর্পোরেট অফিস চত্বর এবং বাণিজ্যিক এলাকাগুলোতে কন্টেনার সাইজের এই স্মার্ট সার্ভিস সেন্টারগুলি তৈরি করা হবে।
মারুতি সুজুকির প্রেস রিলিজ অনুযায়ী, এই অভিনব সার্ভিস পয়েন্টে অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট থাকবে। বড় কোনও যান্ত্রিক ত্রুটি না থাকলে সাধারণ সব ধরনের সার্ভিসিং এখানেই করা সম্ভব। অফিস যাওয়ার পথে গাড়িটি ‘কুইকস্টপ’-এ জমা দিয়ে দিনভর নিশ্চিন্তে কাজ সেরে ফেরার পথে চকচকে গাড়ি নিয়ে বাড়ি ফিরতে পারবেন মালিকরা। এতে কোনও অতিরিক্ত সময় নষ্ট হবে না এবং মিলবে মারুতির অরিজিনাল যন্ত্রাংশ ও প্রশিক্ষিত টেকনিশিয়ানদের পরিষেবা।
পাইলট প্রজেক্ট হিসেবে দিল্লি (NCR), কলকাতা, বাগডোগরা, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, কালিকট ও সুরাটে এই পরিষেবা শুরু হচ্ছে। গাড়ির ব্যাটারি চার্জিং থেকে শুরু করে জল ছাড়া গাড়ি ধোয়ার (Waterless wash) মতো সুবিধাও মিলবে এখানে। ডিলার পার্টনারদের মাধ্যমেই পরিচালিত হবে এই কুইকস্টপ। ব্যস্ত জীবনে গাড়ির রক্ষণাবেক্ষণকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতেই মারুতির এই মাস্টারস্ট্রোক।





