অজান্তে রয়ে গিয়েছে নীলবাতি? বিজন মুখোপাধ্যায়ের তোপের মুখে সাফাই দিলেন তৃণমূলের তারকা সাংসদ

ভোটের মুখে নির্বাচনী আদর্শ আচরণবিধি (MCC) লঙ্ঘনের অভিযোগে বিদ্ধ হলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। রবিবার রাতে জামুড়িয়ায় দলীয় প্রার্থী হরেরাম সিংয়ের সমর্থনে প্রচারে গিয়ে বিতর্কে জড়ালেন এই তারকা সাংসদ। অভিযোগ উঠেছে, সরকারি বিধিনিষেধ অমান্য করে নীলবাতি এবং অশোকস্তম্ভ লাগানো গাড়ি নিয়েই নির্বাচনী প্রচার চালিয়েছেন তিনি।

বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন জামুড়িয়ার বিজেপি প্রার্থী বিজন মুখোপাধ্যায়। তাঁর দাবি, নির্বাচন বিধি জারি হওয়ার পর কোনও জনপ্রতিনিধি এভাবে নীলবাতি বা সরকারি প্রতীক লাগানো গাড়ি ব্যবহার করতে পারেন না। বিজনবাবু অভিযোগ করেন, “তৃণমূল কোনও নিয়ম-নীতির তোয়াক্কা করে না। পুলিশি নিরাপত্তায় বুক ফুলিয়ে নিয়ম ভাঙছেন সাংসদ।” এই ঘটনায় তিনি নির্বাচন কমিশন (CEO) এবং আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

অন্যদিকে, বিতর্কের মুখে পড়ে সাফাই দিয়েছেন ‘বিহারিবাবু’। শত্রুঘ্ন সিনহার দাবি, তিনি অত্যন্ত নিয়মনিষ্ঠ রাজনীতিবিদ এবং জ্ঞানত এই ভুল করেননি। তাঁর কথায়, “অজান্তে গাড়িতে নীলবাতিটি রয়ে গিয়েছিল।” পরিস্থিতি বেগতিক বুঝে পরে অবশ্য গাড়ি থেকে নীলবাতিটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন তিনি। তবে বিরোধীদের দাবি, সাধারণ মানুষকে প্রভাবিত করতেই এই কায়দায় প্রচার চালাচ্ছিলেন তৃণমূল নেতা। ভোটের আবহে এই নীলবাতি বিতর্ক এখন আসানসোল শিল্পাঞ্চলের রাজনীতির কেন্দ্রবিন্দুতে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy