২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার রাজনৈতিক উত্তাপ চরমে। শনিবার কলকাতায় তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করতে এসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুলোধোনা করার পাশাপাশি তিনি দাবি করলেন, এবার ভারতের পূর্ব প্রান্তে এক নতুন রাজনৈতিক যুগের সূচনা হতে চলেছে। শাহের কথায়, “দীর্ঘ বছর পর অঙ্গ, বঙ্গ ও কলিঙ্গ—অর্থাৎ বিহার, পশ্চিমবঙ্গ ও ওড়িশা, এই তিন রাজ্যেই একই দলের সরকার থাকতে চলেছে।”
অমিত শাহের এই ‘অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ’ তত্ত্ব কার্যত ২০২৬-এ পরিবর্তনেরই আগাম বার্তা। বর্তমানে বিহারে এনডিএ সরকার এবং ওড়িশায় বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। শাহের ইঙ্গিতে স্পষ্ট যে, এবার বাংলাতেও ‘পদ্ম’ ফুটিয়ে গেরুয়া শিবির এই তিনটি প্রতিবেশী রাজ্যে একাধিপত্য কায়েম করতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এই তিন রাজ্যে একই আদর্শের সরকার থাকলে পূর্ব ভারতের উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে, তেমনই অনুপ্রবেশের মতো সীমান্ত সমস্যাগুলিও চিরতরে নির্মূল করা সম্ভব হবে।
বিজেপির এই ‘চার্জশিটে’ তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, তোষণ নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। শাহ সাফ জানিয়েছেন, বাংলার মানুষ এবার পরিবর্তনের জন্য তৈরি এবং ২০২৬-এর ফল হবে ঐতিহাসিক। এই প্রথম কোনও কেন্দ্রীয় নেতা প্রাচীন ভৌগোলিক নাম ব্যবহার করে এমন রণকৌশল সাজালেন, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল তর্জা। তৃণমূলের পাল্টা দাবি, ওড়িশা বা বিহারের সমীকরণ বাংলায় খাটবে না। তবে শাহের এই হুঙ্কার বিজেপি কর্মীদের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।