USCIS অফিসে সরাসরি ICE অভিযান! ভিসা-মেয়াদ পেরিয়ে যাওয়া ব্যক্তিদের হাতকড়া পরিয়ে আটক করছে ফেডারেল এজেন্সি, উদ্বেগ অভিবাসী মহলে

মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড সাক্ষাৎকারে হাজির হওয়া ব্যক্তিরা, যাদের মধ্যে আমেরিকান নাগরিকদের স্বামী/স্ত্রীও রয়েছেন—তাঁরা সরাসরি ফেডারেল সংস্থাগুলির হাতে আটক হচ্ছেন। সান ডিয়েগোর মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS) কার্যালয়ে এমন একাধিক আটক-ঘটনার খবর সামনে আসায় অভিবাসী সম্প্রদায়ের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়েছে।

ইমিগ্রেশন আইনজীবী সমান নাসেরি দাবি করেছেন, USCIS-এর গ্রিন কার্ড সাক্ষাৎকারে হাজির হওয়া ভিসা-ওভারস্টে ব্যক্তিদের উপর এখন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) সরাসরি অভিযান চালাচ্ছে। অর্থাৎ, যাঁরা বৈধভাবে প্রবেশ করলেও পরে ভিসার মেয়াদ পেরিয়ে গিয়েছেন, তাঁদের গ্রিন কার্ড সাক্ষাৎকারের সময়ই গ্রেফতার করা হচ্ছে।

এক সপ্তাহে ৫ ক্লায়েন্ট আটক:

সমান নাসেরি জানান, গত সপ্তাহেই তাঁর পাঁচজন ক্লায়েন্টকে গ্রিন কার্ড সাক্ষাৎকার চলাকালীন হাতকড়া পরিয়ে আটক করা হয়েছে। এই ব্যক্তিদের কারও বিরুদ্ধে কোনও অপরাধমূলক রেকর্ড বা পূর্ব গ্রেপ্তারের ইতিহাস নেই।

তিনি বলেন, “আমার সব ক্লায়েন্ট বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, পরে ভিসার মেয়াদ পার হয়ে গেছে। এঁরা প্রত্যেকেই মার্কিন নাগরিকের সঙ্গে বিবাহিত এবং নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী নাগরিকত্বের আবেদন করছিলেন। তবু তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।”

আরও এক ইমিগ্রেশন অ্যাটর্নি হাবিব হাসবিনিও একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, ১২ নভেম্বরের পর আরও চারজনকে আটক করা হয়েছে এবং বিভিন্ন পরিবার থেকে তাঁকে একই ধরনের ঘটনার বহু ফোনকল আসছে।

ICE-এর বক্তব্য ও আইনজীবীর উদ্বেগ:

আইনজীবী টেসা ক্যাব্রেরা জানান, তাঁর একজন ক্লায়েন্টকে, যিনি ২০০২ সাল থেকে বসবাস করছেন, USCIS কর্মকর্তা ‘এক মুহূর্ত’ বলার পরই দু’জন ICE অফিসার এসে হাতকড়া পরান এবং তাঁকে ডেটেনশন সেন্টারে পাঠানো হয়। ICE কর্মকর্তারা তাঁকে একটি “Warrant for Arrest” দেন, যেখানে বলা হয়েছে তিনি ইমিগ্রেশন আইনের চোখে ‘রিমুভেবল’ (বহিষ্কারযোগ্য)।

ICE-এর মুখপাত্র এই প্রসঙ্গে বলেন, “জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ICE লক্ষ্যমুখী অভিযানের মাধ্যমে ফেডারেল ইমিগ্রেশন আইন প্রয়োগ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে উপস্থিত ব্যক্তিরা—USCIS-এর মতো ফেডারেল ভবনেও—গ্রেপ্তার, আটক এবং বহিষ্কারের মুখোমুখি হতে পারেন।”

এই নতুন নীতি এবং ধারাবাহিক আটক-ঘটনা অভিবাসী মহলে তীব্র উদ্বেগ তৈরি করেছে। হাসবিনির পর্যবেক্ষণ, সান ডিয়েগোর USCIS কার্যালয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে, তবে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। অনেকেই প্রশ্ন তুলছেন—গ্রিন কার্ড প্রক্রিয়ার নিয়ম মেনে হাজির হওয়া ব্যক্তিদের যদি সেখানেই গ্রেপ্তার করা হয়, তবে অভিবাসীরা আর কোথায় নিরাপদ?

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy